পশ্চিম বাংলা: রাজ্যে তৃতীয় দফা নির্বাচনে লাগলো রক্তের দাগ
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভগবানগোলা বিধানসভা এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে নিহত হন ৫২ বছর বয়সী আবদুল কালাম টিয়ারুল শেখ।
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় যে হিংসার পরিবেশ এখনও বর্তমান তার নিদর্শন দিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এদিন মোট পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, কমবেশি সব জায়গাতেই বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেলেও প্রথম ও দ্বিতীয় দফা ভোট যেটি ঘটেনি তৃতীয় দফা নির্বাচনে তা ঘটতে দেখা গেল। আর সেটি হল মৃত্যুর খবর।
আগের দুই দফা নির্বাচনে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল তার থেকে বেশি পরিমাণ তৃতীয় দফার নির্বাচনে নিযুক্ত করেছিলেন নির্বাচন কমিশন। তাদের মতামত অনুযায়ী ৯২% কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকবে বুথ গুলিতে। যেহেতু এই ৫টি লোকসভা কেন্দ্রের বেশিরভাগ বুথই স্পর্শ কাতর তাই এই সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বুথ কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তার বাইরে না থাকার সুযোগ নিয়ে হিংসা ও সন্ত্রাসের পথ অবলম্বন করল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানগোলা বিধানসভা এলাকার তৃণমূল দুষ্কৃতীরা।